আলোকিত সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই: আবদুল হাই শিকদার
Advertisement
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন- জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। এজন্য পাঠক তৈরি করতে হবে। এ কাজটি সুন্দরভাবে করার ক্ষমতা রাখে সাধারণ গ্রন্থাগার। এজন্য বেশি সংখ্যায় গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, গ্রন্থাগার টিকিয়ে রাখার জন্য এসবের আধুনিকায়ন করতে হবে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাহলেই সমাজ টিকে থাকবে, সভ্যতার চাকা ঘুরবে, সামনে এগিয়ে যাবে; নইলে বিপ্লব, নতুন বাংলাদেশ সবই বিফলে যাবে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকা উত্তর সিটির ৪২নং ওয়ার্ডে বেরাইদ গণপাঠাগার আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবদুল হাই শিকদার বলেন, আমার শৈশবে ড. মুহম্মদ শহীদুল্লাহ আমাদের স্কুল পরিদর্শনে এসেছিলেন। আমার সৌভাগ্য আমি তাকে সরাসরি দেখেছি। বাংলাভাষা ও সাহিত্যের ক্রমবিকাশে এই মনীষীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ আমাদের পাথেয়। তরুণ প্রজন্মকে অবশ্যই তা মনে রাখতে হবে, মেনে চলতে হবে। আজ থেকে ৯৩ বছর আগে বেরাইদবাসী ড. মুহম্মদ শহীদুল্লাহকে সংবর্ধনা দিয়ে অবশ্যই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিহাস খুঁজে এ তথ্য ও মানপত্র তুলে আনার জন্য বেরাইদ গণপাঠাগারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমরা বেরাইদ গণপাঠাগারের পাশে আছি।
সেমিনারের প্রতিপাদ্য ছিল- ‘আজও প্রাসঙ্গিক জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’। ড. মুহম্মদ শহীদুল্লাহকে বেরাইদে সংবর্ধনার ৯৩ বছর পূর্তি উপলক্ষ্যে বেরাইদ গণপাঠাগার (বেগপা) এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম খালিদ মাহমুদ।
সেমিনারে লিখিত নিবন্ধ উপস্থাপন করেন ড. মুহম্মদ শহীদুল্লাহর নাতনি শিক্ষাবিদ শান্তা মারিয়া। সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইব্রাহীম খলিল জুয়েল, অধ্যাপক শম্ভুনাথ হালদার, শিক্ষক কনকপ্রভা দাস, মিডিয়া ব্যক্তিত্ব সিফাত মোসাদ্দেক ভূঁইয়া প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন আবদুর রউফ ভূঁইয়া (এআরবি) ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বেরাইদ গণপাঠাগারের পক্ষ থেকে প্রধান অতিথি কবি আবদুল হাই শিকদারের হাতে ‘গ্রন্থসুহৃদ’ এবং অনুষ্ঠানের সভাপতি এম খালিদ মাহমুদ ও শিক্ষাবিদ শান্তা মারিয়ার হাতে ‘গ্রন্থাগার সুহৃদ’ সম্মাননা ক্রেস্ট তুলে দেন গ্রন্থাগার সংগঠক এমদাদ হোসেন ভূঁইয়া।
দ্বিতীয় পর্বে ফিতা কেটে বেগপার দেওয়াল পত্রিকা ‘স্বজন সাহিত্যপত্র’-এর প্রথম সংখ্যা উন্মোচন এবং ‘যুগান্তর স্বজন সমাবেশ’ বেরাইদ শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

