Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও

Advertisement

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন টিসিবির ডিলাররা এবং বিভিন্ন জেলা থেকে আগত নবায়নবঞ্চিত ডিলাররা অনতিবিলম্বে তাদের ডিলারশিপ নবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর টিসিবি ভবনের সামনে অবস্থান নেন তারা। বিভিন্ন এলাকা থেকে দলে দলে ডিলাররা এসে কর্মসূচিতে যোগ দিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ডিলারদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা টিসিবির চুক্তি নবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিসিবি ভবনের সামনে ডিলারদের উপস্থিতি বাড়তে থাকে। তারা ভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ‘মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। 

ডিলারদের দাবি, ২০২৬ সালের জুনে যেসব টিসিবি ডিলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তাদের চুক্তি পুনর্নবায়ন বন্ধ রাখার নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে ২০২৫ সালের জুনে যেসব ডিলারের চুক্তি নবায়ন করা হয়নি, তাদেরও চুক্তি নবায়নের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ডিলারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা টিসিবির পণ্য নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। কিন্তু নতুন নীতিমালা ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে অভিজ্ঞ অনেক ডিলার চুক্তি নবায়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে একদিকে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে টিসিবির পণ্য বিতরণের দীর্ঘদিনের ব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে থাকা ডিলারদের কয়েকজন বলেন, তারা কোনো অনৈতিক সুবিধা চাইছেন না। নিয়ম মেনে দীর্ঘদিন ধরে যারা টিসিবির পণ্য বিতরণ করে আসছেন, তাদের চুক্তি নবায়নের সুযোগ দেওয়াই তাদের দাবি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিরোধিতা করছেন না তারা। তবে অভিযোগের ভিত্তিতে একতরফা ভাবে চুক্তি বাতিল বা নবায়ন বন্ধ না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি তাদের।

ডিলাররা আরও বলেন, টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে তাদের ভূমিকা রয়েছে। অভিজ্ঞ ডিলারদের বাদ দিয়ে নতুন করে ব্যবস্থা তৈরি করা হলে টিসিবির পণ্য বিতরণে জটিলতা তৈরি হতে পারে। তাই সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ডিলারদের চুক্তি নবায়ন করা প্রয়োজন।

ডিলারদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ডিলারদের চুক্তি নবায়ন বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার এবং ২০২৫ সালের জুনে নবায়ন না হওয়া ডিলারদের চুক্তি নবায়নের ব্যবস্থা করার দাবি তারা দ্রুত বাস্তবায়ন চান।

টিসিবি ডিলারদের পক্ষে প্রতিনিধি মো. বিল্লাল হোসেন বলেন, পুরোনো যেসব ডিলার রয়েছেন, তাদের পুনরায় নবায়ন করে ব্যবসা ও জীবন-জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। গত বছর কিছু ডিলারের নবায়ন করা হলেও ২০২৬ সালে যাদের নবায়নের কথা ছিল, তাদের নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই, ২০২৫ ও ২০২৬ সালে যেসব ডিলারের নবায়নের কথা ছিল, তাদের লাইসেন্স নবায়ন করা হোক।

কোনো ডিলারের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত করে তাকে বাদ দেওয়া যেতে পারে। তবে যারা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের ডিলারশিপ বহাল রাখতে হবে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরও টিসিবিতে পরিচালক হাসনাত কীভাবে দায়িত্বে আছেন, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি। একই সঙ্গে টিসিবির চেয়ারম্যানেরও অপসারণ দাবি করছি।

আমরা সরকারের বিরুদ্ধে নই। বরং সরকারের একটি অংশ হিসেবে সহযোগিতা করতে চাই। সরকারের সুনাম অক্ষুণ্ন রেখে স্বচ্ছতার সঙ্গে টিসিবির ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের একটাই দাবি পুরোনো যোগ্য ডিলারদের লাইসেন্স নবায়ন করে আমাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

চার দফা দাবির মধ্যে রয়েছে, ২০২৬ সালের জুনে মেয়াদোত্তীর্ণ টিসিবি ডিলারদের পুনর্নবায়ন বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার এবং ২০২৫ সালের জুনে যাদের চুক্তি নবায়ন হয়নি, তাদেরও নবায়ন করা।

দ্বিতীয় দাবিতে কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিয়ে কারণ দর্শানোর সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়ার দাবি তাদের।

তৃতীয় দাবিতে টিসিবি কর্তৃক প্রণীত ‘ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ এবং পরবর্তী সময়ে জারি করা সংশোধনী নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন ডিলাররা। তাদের ভাষ্য, নতুন নীতিমালার কারণে দীর্ঘদিনের অভিজ্ঞ ডিলারদের অনেকে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

চতুর্থ দাবিতে দেশের নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ধারাবাহিকতা রক্ষায় টিসিবির অভিজ্ঞ ও সফল ডিলারদের চুক্তি পূর্ণাঙ্গভাবে নবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম