রাজধানীতে অবৈধ ব্যাটারি ও অটোরিকশার বিস্তারিত তথ্য চেয়েছে ডিএমপি
নেসারুল হক খোকন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেট্রোপলিটন এলাকা জুড়ে ব্যাটারিচালিত ও অটোরিকশার লাগাম টানতে বড় ধরনের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানী এলাকায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশার মালিক, চালক, গ্যারেজ এবং এ জাতীয় যানবাহন তৈরির কারখানার যাবতীয় বিবরণ সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিভাগীয় উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) পাঠানো এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি সদরদপ্তরের অপরাধ ও অপস বিভাগের স্মারক নম্বর সংবলিত এই চিঠিতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) চাহিদার প্রেক্ষিতে দ্রুততম সময়ে এসব তথ্য ছক মোতাবেক প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে নির্ধারিত তিনটি ছক বা ফরমেটে তথ্য জমা দেওয়ার নির্দেশনা রয়েছে:
ছক-ক (মালিক ও গ্যারেজ সংক্রান্ত): রিকশা বা অটোরিকশার মালিকের নাম, মোবাইল নম্বর, এনআইডি, গ্যারেজের অবস্থান, চার্জিং পয়েন্টের সংখ্যা, অটোরিকশার সংখ্যা এবং গ্যারেজ মালিকের রাজনৈতিক পরিচিতি ও তথ্য।
ছক-খ (চালক সংক্রান্ত): চালকের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি নম্বর এবং ছবি।
ছক-গ (তৈরির কারখানা সংক্রান্ত): অটোরিকশা ও রিকশা তৈরির ফ্যাক্টরির অবস্থান, মালিকের নাম-ঠিকানা, কতটি রিকশা তৈরি হয় তার পরিসংখ্যান এবং ঢাকা শহরে প্রবেশের পয়েন্ট ও গ্যারেজের বিস্তারিত।
ডিএমপি সূত্র জানায়, বিশেষ নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতেই এই তালিকা ও ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত এসব তথ্য দ্রুততম সময়ে হোয়াটসঅ্যাপ ও অফিশিয়াল মাধ্যমে ডিএমপি সদরদপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট ডিসি ও অফিসার ইনচার্জদের (ওসি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

