Logo
Logo
×
   

জাতীয়

রুমিন ফারহানার ‘৬২ হাজার চাকরি হারানো, ৯ শতাধিক কারখানা বন্ধ’ দাবি নিয়ে ফ্যাক্টচেকে ভিন্ন তথ্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

রুমিন ফারহানার ‘৬২ হাজার চাকরি হারানো, ৯ শতাধিক কারখানা বন্ধ’ দাবি নিয়ে ফ্যাক্টচেকে ভিন্ন তথ্য

রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের সময়ে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে—সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, রুমিন ফারহানা যে তথ্য সংসদে উপস্থাপন করেছেন, তা মূলত অন্তর্বর্তী সরকারের সময়কার ঘটনা। বর্তমান সরকারের সময়ে এসব ঘটনা ঘটেছে বলে উপস্থাপন করায় বিষয়টি বিভ্রান্তিকর হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, সংসদে রুমিন ফারহানা দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

তবে বাংলাফ্যাক্টের যাচাই অনুযায়ী, ৬২ হাজার মানুষের চাকরি হারানো এবং ৯ শতাধিক কারখানা বন্ধ হওয়ার তথ্য বর্তমান সরকারের সময়ের নয়। এসব ঘটনা অন্তর্বর্তী সরকারের সময়কার। ওই সময়ে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ছিল ৯৫টি, ৯ শতাধিক নয়।

বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বর্তমান সরকারের সময় ৬২ হাজার লোক চাকরি হারানো ও ৯ শতাধিক কারখানা বন্ধ হওয়ার তথ্যটি সঠিক নয়।’

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজের মাধ্যমে এসব তথ্য ছড়িয়ে পড়ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবির ‘বাংলাফ্যাক্ট’ একটি ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম