Logo
Logo
×
   

জাতীয়

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম।

জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ছিল সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের (গাজী নজরুল ইসলাম)। তবে তিনি সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন না। ফলে জাতীয় সংসদে উত্থাপনের জন্য নির্ধারিত থাকার পরও তার লিখিত প্রশ্ন বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি ছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে।

লিখিত প্রশ্নের মাধ্যমে গাজী নজরুল ইসলাম বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত? সেগুলো কোথায় কোথায় অবস্থিত, এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত? এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? 

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের আহ্বান জানান। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখেন সংসদ সদস্য নজরুল ইসলাম তার আসনে উপস্থিত নেই। সে সময় স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জি এম তো নাই’। স্পিকারের এই তাৎক্ষণিক মন্তব্যে পুরো সংসদ কক্ষে এক হালকা হাসির সৃষ্টি হয়। স্পিকারের হাসির সঙ্গে সঙ্গে সংসদে উপস্থিত অন্য সংসদ সদস্যদেরও অনেককে হেসে উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। পরে সংসদীয় কমিটির বৈঠকেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম