Logo
Logo
×
   

জাতীয়

নিরপেক্ষ নির্বাচন যতবার হয়েছে বিএনপি ততবারই জিতেছে: মন্ত্রী দুলু

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

নিরপেক্ষ নির্বাচন যতবার হয়েছে বিএনপি ততবারই জিতেছে: মন্ত্রী দুলু

বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: যুগান্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে। মানুষ বিএনপিকে বেছে নিয়েছেন, কারণ বিএনপি তার কর্মীদের রেখে পালায় না। তাই আগামীতেও আপনারা বিএনপির সঙ্গে থাকবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পালাননি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের জন্য কাজ করেছেন। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের জন্য কাজ করছেন, তাই আপনারা সবসময় বিএনপির সঙ্গেই থাকবেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।  

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়া, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।  

পরে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বেলকুচি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম