বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের ছয় মাস অতিবাহিত হলেও দলটি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হবার পর বিএনপি বারবার বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি তার ৩১ দফার প্রথম দফার সাথে বেইমানি করে জাতীয় আকাঙ্খার বিপরীতে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে প্রধান বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধীদলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

