ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই তিন মাস দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এসময় বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি নিম্নচাপে পরিণত হওয়ার এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা আছে।
সংস্থাটির মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি: অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বিভাগভেদে বৃষ্টির চিত্র ছিল ভিন্ন। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।
গত মাসে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়। সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিভিন্ন সময়ে দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। এসময় দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯৮ মিলিমিটার রেকর্ড করা হয় হাতিয়ায়।
দেশের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ ও ২২ এবং ২৬ থেকে ৩০ আগস্ট মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। একই মাসে ২৭ আগস্ট দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। ৭ আগস্ট সর্বনিম্ন ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় নারায়ণগঞ্জে।
আগস্টে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে শূন্য দশমিক ৮, শূন্য দশমিক ৫ ও শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আগামী ৩ মাসের বৃষ্টির পূর্বাভাস: আগামী তিন মাস দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে।
ঢাকা: সেপ্টেম্বরে স্বাভাবিক ২৬৩ মিলিমিটারের বিপরীতে ২৫০-২৮০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৬০ মিলিমিটারের বিপরীতে ১৪০-১৮০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ২৬ মিলিমিটারের বিপরীতে ২০-৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
ময়মনসিংহ: সেপ্টেম্বরে স্বাভাবিক ৩২১ মিলিমিটারের বিপরীতে ৩১০-৩৩০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৮০ মিলিমিটারের বিপরীতে ১৬০-২১০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ১৪ মিলিমিটারের বিপরীতে ১০-২০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
চট্টগ্রাম: সেপ্টেম্বরে স্বাভাবিক ৩৪৫ মিলিমিটারের বিপরীতে ৩৩০-৩৬০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ২২৬ মিলিমিটারের বিপরীতে ২০০-২৪০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ৩৯ মিলিমিটারের বিপরীতে ৩০-৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
সিলেট: সেপ্টেম্বরে স্বাভাবিক ৩৭১ মিলিমিটারের বিপরীতে ৩৬০-৩৮০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৮২ মিলিমিটারের বিপরীতে ১৬০-২২০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ২৫ মিলিমিটারের বিপরীতে ২০-৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
রাজশাহী: সেপ্টেম্বরে স্বাভাবিক ২৬৭ মিলিমিটারের বিপরীতে ২৬০-২৮০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৩৪ মিলিমিটারের বিপরীতে ১২০-১৪০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ১২ মিলিমিটারের বিপরীতে ১০-২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রংপুর: সেপ্টেম্বরে স্বাভাবিক ৩৮৬ মিলিমিটারের বিপরীতে ৩৭০-৩৯০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৫৫ মিলিমিটারের বিপরীতে ১৩০-১৮০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ৬ মিলিমিটারের বিপরীতে ৫-১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
খুলনা: সেপ্টেম্বরে স্বাভাবিক ২৭৭ মিলিমিটারের বিপরীতে ২৭০-২৯০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ১৫০ মিলিমিটারের বিপরীতে ১২০-১৭০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ২৯ মিলিমিটারের বিপরীতে ২৫-৩৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
বরিশাল: সেপ্টেম্বরে স্বাভাবিক ৩২৮ মিলিমিটারের বিপরীতে ৩২০-৩৪০ মিলিমিটার, অক্টোবরে স্বাভাবিক ২২৭ মিলিমিটারের বিপরীতে ২১০-২৪০ মিলিমিটার এবং নভেম্বরে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৪০-৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ: আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক-দুটি নিম্নচাপে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
৩ থেকে ৫ দফা তাপপ্রবাহ: পূর্বাভাসে আগামী তিন মাসে দেশে তিন-পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এছাড়া আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৬-১০ দিন বজ্রঝড় হতে পারে: এসময় দেশে ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ আগস্টের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস, নিশ্চিত বার্তা নয়: আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস আগামী তিন মাসের সামগ্রিক আবহাওয়ার সম্ভাব্য চিত্র তুলে ধরেছে। এটি কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট এলাকায় ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ কিংবা বজ্রঝড়ের নিশ্চিত পূর্বাভাস নয়।
অধিদপ্তরের নিয়মিত দৈনিক, পাঁচদিনের, সামুদ্রিক ও ঘূর্ণিঝড়সংক্রান্ত পূর্বাভাসের মাধ্যমে পরবর্তী সময়ে পরিস্থিতির বিস্তারিত জানা যাবে।
