ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
|
ফলো করুন |
|
|---|---|
মধুপুরে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৯১ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ফকির মাহবুব আনাম বলেন, মধুপুরের গারোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা না করতে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা একে অপরকে নিরাপদ রাখব।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দেশের তরুণদের বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে পাঠাতে জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
মাদক প্রসঙ্গে মন্ত্রী প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, মাদকাসক্তির কারণে কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মাদকসংক্রান্ত বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে মাহবুব আনাম বলেন, শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কিছু সমস্যা হচ্ছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। বিভিন্ন দেশের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। হরমুজ প্রণালি বন্ধ থাকলে জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হয়ে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তবে এ সমস্যা সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান এবং জাতীয়তাবাদী আদিবাসী নেতা অ্যাডভোকেট জন যেত্রা।
অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মধুপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

-6a9c45de0b6a8.jpg)