জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
Advertisement
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
টাঙ্গাইলের মধুপুরে বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, জ্বালানি সংকটসহ বর্তমান বিভিন্ন সমস্যা সাময়িক। এগুলো সমাধানে সরকার কাজ করছে। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জনগণের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের মধুপুরে সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সংবাদকর্মীদের ব্রিফিংয়েও তিনি বক্তব্য দেন।
ফকির মাহবুব আনাম বলেন, দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সাত মাস ধরে সরকার পরিচালনা করছি। আমাদের একটু সময় দিন। সারা পৃথিবীতেই এখন নানা সমস্যা চলছে। আমরা সেগুলোর সমাধানের চেষ্টা করছি। এসব সমস্যা সাময়িক। সবকিছু ঠিক হয়ে যাবে।
তিনি বলেন- গ্যাস, তেল, এলএনজিসহ সব ধরনের জ্বালানি নিয়ে সারা পৃথিবীজুড়েই সমস্যা চলছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অশান্তি বিরাজ করছে। এসব সমস্যা সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও যোগাযোগ করা হচ্ছে। আগে জ্বালানিতে প্রতি লিটারে ৯০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, এখন ৭০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরিকল্পিত যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তিনি এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করে যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিকালে মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে বের হয়। বাসস্ট্যান্ডের আনারস চত্বর, থানা মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, লিলি সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন খান বাবলু, আব্দুল লতিফ পান্নাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

