সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্টার রায়হান হাবিবকে বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রায়হান হাবিব আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং বিধি ৩(খ)-এ বর্ণিত অসদাচরণ ও ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে ৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল রেজিস্ট্রি করা হয়। এই কাজে তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুস গ্রহণের অভিযোগ রয়েছে।
