হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম (মাঝে)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম সংবাদ সম্মেলন করেছেন।
আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম
তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।
এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এ বাড়িটি দেখভাল করতেন।
নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এ বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল। আমার আত্মীয়-স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।
যথেষ্ট দেরি হয়ে গিয়েছে
পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।
নুসরাত বলেন, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এ ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।
এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে আসলে সাধারণ অসাধারণ বলে কিছু নেই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে যা বললেন নুসরাত
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।
আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে হুমকি পেয়েছি
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’
হাসিনা একটি স্টুপিড
শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।
স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।’
এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।


