ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে আসেন। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। আগুনে তার কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হয়েছে।
চম্পক কান্তি চাকমা আরও বলেন, পরে ইউএনও, ওসি ও অন্যদের নিয়ে কার্যালয়ের পেছনে গেলে একটি কেরোসিনের বোতল ও টিন দেখা যায়। সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশে ভূমি কার্যালয়ের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।
