মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২য় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯.২০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল টাঙ্গাইল সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা যায়, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহতের নাম পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটো জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।’
