ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত হাম সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এর তথ্যানুযায়ী, নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২০৪ জন সন্দেহজনক হাম রোগী এবং ১০ জন নিশ্চিত হাম সংক্রমণে আক্রান্ত হিসেবে নথিভুক্ত রয়েছেন।

