রণজিতের নির্দেশে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রণজিৎ চন্দ্র সরকারের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার হয়েছেন।
শাহপরাণ (রহ.) থানা পুলিশ মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে। তারা সিলেট নগরের টিলাগড় এলাকায় ঝটিকা মিছিল করছিল।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা সিলেট নগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের কাছ থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত বিস্ফোরিত কৌটা উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রণজিৎ সরকারের টেলিফোনিক নির্দেশে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
