ইজিবাইকে টেপ প্যাঁচানো বোমা, নিষ্ক্রিয় করল এসআরবি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
বুধবার দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজার যাচ্ছিল চালক কাওছার। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হলে ইজিবাইকচালক কাওছার খলিফাকে গাড়ি থামাতে বলেন। সে গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকচালক কাওছার খলিফাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসআরবি বোমা নিষ্ক্রিয়কারী ৬ জনের একটি দল ঢাকা থেকে এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে। পরে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে তারা।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় বুধবার এসআই আলামিন বাদী হয়ে ইজিবাইকচালক দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কাওছারকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, স্থানীয়রা এক ইজিবাইকচালককে বোমাসহ ধরে পুলিশকে সংবাদ দেন। পুলিশ গিয়ে ইজিবাইকচালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
