|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে স্ত্রীকে মোবাইল ফোনে জানিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর ছেলে। নগরীর বটেরতল এলাকায় পারিবারিক কলহ এবং আর্থিক সংকটের জেরে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শাহপরাণ থানার উপপরিদর্শক আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে নিজ বসতঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবক রাজভির (২৫) লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, একটি সুপারশপে চাকরি করতেন রাজভি। তার মা-বাবা ও বোন যুক্তরাজ্যে অবস্থান করেন। রাজভি সহপাঠী এক তরুণীকে ভালোবেসে বিয়ে করার পর থেকে বটেরতলের বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করে আসছিলেন। সেখানে সুপারশপের বেতনে সংসার চালাতে হিমশিম খাওয়া এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সোমবার রাতে স্ত্রী একটি দাওয়াতে যাওয়ার পর রাজভি তাকে ফোনে আত্মহত্যার কথা জানান। স্ত্রী তৎক্ষণাৎ তার চাচাকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বাসায় ফিরে দেখতে পান যে রাজভির চাচাসহ অন্যান্য আত্মীয়স্বজনও সেখানে উপস্থিত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সবাই মিলে তা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজভির লাশ দেখতে পান।
শাহপরাণ থানার উপপরিদর্শক আসাদুর রহমান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা সম্ভব হবে।
