কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি ঘটনায় গ্রেফতাররা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে দুপক্ষের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বটতলী স্টেশন এলাকায় দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন ওরফে মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। পরে এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বটতলী স্টেশন এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে ১০ থেকে ১২ রাউন্ড গুলিবর্ষণ হয়। হঠাৎ গুলির শব্দে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

