Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে খুলনা নগরীতে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না। লাগাম টানার মতো কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বরং বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধী চক্রের উত্থান ঘটছে। 

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদার দাবিতে ভাঙচুর, প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এসব অপরাধের পেছনে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তা বা যোগসাজশের অভিযোগও উঠছে। এসব অপরাধের জন্য খুলনার রাজনৈতিক নেতারা দুষছেন পুলিশকে, অন্যদিকে পুলিশ বলছে সন্ত্রাসীদের সামাজিকভাবে মোকাবিলা না করলে অপরাধ দমন সম্ভব নয়।

গত কয়েক মাসের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, অপরাধের ধরন ও বিস্তৃতি দুটোই বেড়েছে। আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং অপরাধী গ্রুপগুলোর দ্বন্দ্বে প্রাণহানির ঘটনা ঘটছে। অপরাধীরা কখনো প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে। অনেক ঘটনায় হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হলেও দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে খুলনা মহানগরী ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৭৩টি। নিহতদের মধ্যে ২৫ জন গুলিতে প্রাণ হারিয়েছেন।

খুলনায় অপরাধের বিস্তার মহামারিতে রূপ নিয়েছে। খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না। লাগাম টানার মতো কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বরং বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধী চক্রের উত্থান ঘটছে। 

অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত গ্রেফতার হচ্ছে না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। অপরাধীদের নিয়ন্ত্রণ অথবা নির্মূলে পুলিশের অনেকটাই গাছাড়া ভাব। সম্প্রতি চাঁদার দাবিতে একটি হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যরা। ওই প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে কথা বলার একপর্যায়ে নুর আজিম তাকে (প্রতিষ্ঠানটির মালিক) বলেন- ‘পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।’ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনাতেও বড় কোনো আসামি ধরতে না পারার পেছনে পুলিশের গাফিলতিকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। অন্যদিকে টহল পুলিশের সংখ্যাও কমেছে ব্যাপক হারে। 

ভুক্তভোগী রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন বলেন, ঘটনা ঘটার পর পুলিশ আসে দেরিতে। ভাঙচুর করে চলে যাওয়ার পর পুলিশ বলে যায় যে, আপনি একটু সাবধানে থাকবেন। একা চলাচল করবেন না। পুলিশের কাছ থেকে যখন এ ধরনের মেসেজ পাই তখন ভয় অটোমেটিক লাগে। জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন বলেন, পুলিশকে জানিয়েছি তবে তারা বলেছে আপাতত বন্ধ রাখতে। 

নগরীর চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ আমাদের সেভাবে সহযোগিতা করতে পারেনি। ফলে বন্ধ করে দিয়েছি। সম্প্রতি সদর থানা এলাকায় ব্যাপক চাঁদাবাজির ঘটনায় ওসি লোকমান হোসেনের কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তার আগে ওসির দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতাহীন একজনকে সদর থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া বর্তমানে ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) দায়িত্ব পালন করছেন মো. রেজাউর ইসলাম। কোনো সন্ত্রাসী হামলা হলে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে তাকে উপস্থিত পাওয়া যায় না। ফলে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, পুলিশ চাচ্ছে না, তাই অপরাধ দমন হচ্ছে না। 

এসব অভিযোগের বিষয় নিয়ে কেএমপির পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অপরাধ দমনে রাষ্ট্রের সব অর্গান একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও অনেক ভূমিকা রয়েছে। তাদেরও এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন। ফলে অপরাধীরা ছাড় পেয়ে যায়।

নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সন্ত্রাসীরা বেপরোয়া হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। পুলিশ অপরাধীদের আসামি হিসাবে ট্রিট করছে না। মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রেখেই মামলা দেওয়া হচ্ছে। যাতে তারা ছাড়া পাচ্ছে। আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রম। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা গোটাচ্ছেন। মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। এখান থেকে বের করতে না পারলে এই শহর বাস অযোগ্য হয়ে পড়বে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি, সংসদে জ্বালানিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম