উপজেলাভিত্তিক হবে ইউপি নির্বাচন, একসঙ্গে ভোট সব ইউনিয়নে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোটগ্রহণ করা হবে। তবে সার্বিক নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ইউপি নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। মোট কতটি ধাপে ভোট নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পাঁচ ধাপ নাকি ছয় ধাপে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উপজেলা হবে মূল ভিত্তি।
ইসি সচিব বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করা হলে ব্যবস্থাপনায় জটিলতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একই সঙ্গে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, পুরো দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি ধাপে সংশ্লিষ্ট উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।
ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান আখতার আহমেদ।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোট আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

