জুলাইযোদ্ধা বাঁধনের ওপর হামলার ঘটনায় বিএফইউজে সভাপতির নিন্দা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
সাভার প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ফ্যাসিবাদ পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুর রহমান শাহীন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চারজন সাংবাদিক শহীদ হয়েছেন এবং শত শত সাংবাদিক আহত হয়েছেন। সাংবাদিক সমাজ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজপথে ছিল এবং নানা নির্যাতন ও হামলার শিকার হয়েছে।
তিনি বলেন, যে কোনোভাবে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
বিএফইউজে সভাপতি আরও বলেন, দেশে বিদ্যুৎ সংকট পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে কিনা, তা সরকারের খতিয়ে দেখা উচিত। এ ধরনের সংকটের প্রকৃত কারণ উদ্ঘাটন করে জনগণের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক জনতার প্রকাশক সৈয়দ মোহাম্মদ আতিকুল হাসান এবং দৈনিক জনতার মফস্বল ইনচার্জ ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু।
এ সময় দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, নাজমুস সাকিবসহ সাংবাদিক ও দৈনিক জনতার বিভিন্ন এলাকার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

