Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ কী, যেসব সুবিধা মিলবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ কী, যেসব সুবিধা মিলবে

Advertisement

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

যেভাবে কাজ করবে 

জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানা নির্ধারণ করা থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপে থাকা তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। এর ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।

কেউ নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কিংবা ভুয়া অবস্থান বা ‘ফেক লোকেশন’ ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে।

সাইট ভিজিট ও ছুটির সুবিধা

সরকারি কাজ, তদন্ত বা অন্য কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। পাশাপাশি অ্যাপ থেকেই ছুটির আবেদন করা এবং ছুটির হিসাব সংরক্ষণ করা যাবে।

প্রথম ধাপে ৬ জেলার ৬১০ কার্যালয়

বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এর আওতায় আনা হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ সম্প্রসারণ করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে ভূমি সেবা কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের সেবা পাওয়া সহজ হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

অ্যাপটি চালুর কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।

এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর কাছে উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম