Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ইরান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ফাইল ছবি

Advertisement

স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেছেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ নিজ এলাকার স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না, এটি নাগরিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় ঘাটতি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডা. ইরান বলেন, দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের দৈনন্দিন জীবন ও স্থানীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদেরও অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না; তাদের পরিবারের সদস্যরা দেশের স্থানীয় সমাজ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের বাড়িঘর, জমি-জমা, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক স্বার্থ নিজ নিজ এলাকায় রয়েছে। তাই বিদেশে অবস্থান করার কারণে তদের স্থানীয় গণতান্ত্রিক অধিকার থেকে কার্যত বিচ্ছিন্ন রাখা যুক্তিসঙ্গত নয়।  

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

তিনি বলেন, প্রযুক্তির এই যুগে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা অসম্ভব কোনো বিষয় নয়। এনআইডি-ভিত্তিক পরিচয় যাচাই, অনলাইন নিবন্ধন, পোস্টাল ব্যালট এবং ব্যালট ট্র্যাকিংয়ের মতো নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা যেতে পারে। 

তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। 

তিনি নির্বাচন কমিশনের প্রতি প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম