টানা ৫ দিন বৃষ্টির আভাস
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমেছে। পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। সকাল প্রায় সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।
কয়েকটি এলাকায় সড়কে হাঁটুসমান পানি থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। এ সময় সকালের শিফটের অনেক স্কুলের ক্লাস ক্যান্সেলও করা হয়।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। এই বৃষ্টি আজ ও সোমবার থেমে থেমে চলতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
এদিকে রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



-6a8e85b708e0a-(1)-6aacd3c558e65.webp)