আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের এক ব্যাংক হিসাবে থাকা চার কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে এ আবেদন করেন।
এতে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। তদন্তকালে দুদক দেখেছে, আনিসুল হক নিজ নামের পাশাপাশি আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলনের ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেন হয়েছে।
আবেদনে বলা হয়, আসামি জেবুন্নেসা তার এক ডাচ-বাংলা ব্যাংক হিসাবে থাকা অর্থ অবৈধভাবে সরানোর চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
