ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এমন পরিস্থিতিতে ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে ১৫৩ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মানও নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৬৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৬৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, ১৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
