জিয়াউল আহসান-তারেক সাঈদের মামলায় প্রতিবেদন জমার সময় বাড়ল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের গুম ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ সময় নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর অলি মিয়া জানান, দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বুধবার দিন নির্ধারিত ছিল। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আরও দুই মাস সময় চেয়েছেন। এরই মধ্যে মামলার আসামিদের জিজ্ঞাসাবাদও সম্পন্ন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রতিবেদন দাখিলের নতুন তারিখ হিসেবে ৩০ নভেম্বর নির্ধারণ করেন।
এর আগে বুধবার সকালে কারাগার থেকে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গত ৪ আগস্ট প্রসিকিউশন এই দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে। পরে ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসাম থেকে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগ রয়েছে।
এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলোর তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

