Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে কারাগারে পেটানোর অভিযোগ

তদন্ত চেয়ে আবেদন আইনজীবীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম

সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে কারাগারে পেটানোর অভিযোগ

Advertisement

কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ প্রসঙ্গে তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল বলেন, সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ  মোহাম্মদের বিরুদ্ধে দুটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গত ১০ আগস্ট তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে ১৬ সেপ্টেম্বর তারেক সাঈদকে ফের আদালতে হাজির করলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। একই দিন গভীর রাতে মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান কয়েকজন রক্ষী। লাঠি দিয়ে আঘাত করায় মাথায় আঘাত পান তিনি। শরীরের বিভিন্ন স্থানেও তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এছাড়া হামলার সময় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

এই আইনজীবী বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও চিকিৎসা চেয়ে আদালতের কাছে আমরা একটি আবেদন করেছি। এ নিয়ে বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ আবেদনের ওপর আমরা শুনানি করবো।

কুমিল্লা-লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় বুধবার সকালে কারাগার থেকে তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় আসামির তালিকায় মেজর  জেনারেল (অব.) জিয়াউল আহসানের নামও রয়েছে। এদিন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও নতুন করে দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন। পরে আগামী ৩০ নভেম্বর এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার

বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার

জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী: সালেহ শিবলী

জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী: সালেহ শিবলী

সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে কারাগারে পেটানোর অভিযোগ

সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে কারাগারে পেটানোর অভিযোগ

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম