দুর্গাপূজায় দোকান খোলা রাখার সময় বাড়াতে চান ব্যবসায়ীরা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন দুর্গাপূজায় বিক্রির সুবিধার্থে দোকানপাট ও বিপণিবিতান আরও বেশি সময় খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তারা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, ঈদ ও দুর্গাপূজার সময়ে সাধারণত বিক্রি কিছুটা বাড়ে। এসময় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হবেন।
তারা জানান, এরই মধ্যে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ চান তারা।
এর আগে, মধ্যপ্রাচ্যের সংকটের পর জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিল মাসে সরকার দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। সে সময় ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন। পরে সরকার দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করে। এরপর কোরবানির ঈদের আগে সময়সীমা আরও শিথিল করা হয়।
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। এখন সেটি ১০টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ করছে দোকান মালিক সমিতি।

