লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট
বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জিস সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং উন্নত বিনিয়োগ কাঠামো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের দ্রুতবর্ধনশীল জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানান। এ বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরে ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতির বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশে এখনো তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬-এর প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তসমূহও তুলে ধরা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা এবং চলমান বিডিং রাউন্ডে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।
এছাড়া, সামিটের ১ম দিনে ৪টি আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হয়। এ সকল সভায় চলমান অফশোর বিডিং রাউন্ডের সুবিধাদি তুলে ধরে বিডিং রাউন্ডে অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
আগামীকাল দ্বিতীয় দিনে, বিশ্বের বৃহৎ আরও চারটি কোম্পানির সাথে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হবে।
