সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি
Advertisement
ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ এএম
আইকিউএসি আয়োজিত অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের নিয়ে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসাগুলো পুনরুজ্জীবিত করতে বিশেষ বিসিএসের ব্যবস্থার বিষয়ে ভাবছে সরকার, এজন্য দ্রুত সময়ের মধ্যে আলিয়া মাদ্রাসাগুলোর তথ্য দিতেও নির্দেশনা দিয়েছে। এছাড়া সরকার আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদরাসা সরকারীকরণের উদ্যোগ নিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের নিয়ে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইআবি ভিসি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে কার্যকর ও যুগোপযোগী করতে দেশের ৮ বিভাগে ৮টি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার করা হবে। সব পর্যায়ের শিক্ষককে প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রশিক্ষিত মাদ্রাসা শিক্ষক দ্বারা গভর্নিং বডির সহযোগিতায় প্রতি শনিবার ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি।
এ সময় সারাদেশ থেকে বাছাইকৃত ৩০ জন মাদ্রাসা শিক্ষককে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলর। পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার বাছাই করা হবে, যারা সারাদেশে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
প্রো ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক মাস্টার ট্রেইনার বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ.কে. মুহা. নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন সবাই উপস্থিত ছিলেন ৷

