যুব উন্নয়ন অধিদপ্তর
ফেসবুকে পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন তারা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে তা স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
শনিবার বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২৪২টি পদের এ পরীক্ষায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’
