সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিকায়ন ও মানসম্মত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার পরিধি বাড়াতে সেখানে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা বিষয়ে পরামর্শ ও তদারকিসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন।
সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংশোধন করে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাবও করা হয়।
এ ছাড়া মেডিকেল সেন্টারের চিকিৎসা সরঞ্জাম আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন এবং ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি ও প্যাথলজি পরীক্ষার যন্ত্রপাতি উন্নত করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স চালুর বিষয়েও আলোচনা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ চাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার থেকে অন্য হাসপাতালে রেফার করা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের স্বনামধন্য হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তাবও সভায় উত্থাপন করা হয়।
সভায় অতিরিক্ত সচিবসহ (এফ অ্যান্ড পিআর) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
