গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন গুমের বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটা পরিবার ধরে ধরে আমাদের তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচারের জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এজন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ীদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
এর আগে, ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য। তখন গুমের এসব অভিযোগ রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করার অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের এই সমন্বয়ক।
