Logo
Logo
×

Advertisement

জাতীয়

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

Advertisement

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন ঘিরে আলোচনা চলছে পাসপোর্ট অধিদপ্তর ও নির্বাচন কমিশনে। তবে তিনি আদৌ এসব নথি ফিরে পাবেন কিনা, তা অনেকটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিতাদেশ তুলে নিলেই সেটি আবার সক্রিয় করা সম্ভব।

গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত করা হয়। সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে বলেছে, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।

তবে ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ৬ নম্বর অনুচ্ছেদের (ঙ) উপ-অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। ওই বিধানে বলা হয়েছে, কোনো আবেদনকারী বাংলাদেশের ফৌজদারি আদালতে বিচারাধীন মামলায় হাজিরা এড়ালে বা এড়ানোর চেষ্টা করলে কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকলে কর্তৃপক্ষ তার পাসপোর্ট বা ভ্রমণ দলিল ইস্যুর আবেদন প্রত্যাখ্যান করতে পারে।

সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করতেন। পরে তা বাতিল করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। এসব বিষয় নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করতে পারে।

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে সোমবার দিনভর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আলোচনা হয়। তবে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিবেচনায় দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, শেখ হাসিনার পাসপোর্ট কিংবা অন্য কোনো ভ্রমণ দলিল পাওয়ার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ থাকলেও সরকারের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উদাহরণ টেনে এক কর্মকর্তা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে নেওয়ার জন্য বারবার পাসপোর্টের আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি। ২০২৩ সালের দিকে একবার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও পরে তা বাতিল করা হয়। ফলে শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়া শেষ পর্যন্ত পাসপোর্ট পাননি।

একইভাবে আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এসব মামলায় অনেকের বিভিন্ন মেয়াদে সাজাও হয়। দণ্ডপ্রাপ্ত এসব নেতাকর্মীর অনেকে চিকিৎসা কিংবা হজ পালনের জন্য বিদেশ যেতে পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে দীর্ঘ প্রচেষ্টার পর হাতেগোনা কয়েকজন উচ্চ আদালতের আদেশে পাসপোর্ট পেয়েছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের পাসপোর্ট বাতিল করা হলেও তারা আগের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করছেন। তাদের দাবি, বাংলাদেশের বাইরে অন্য দেশের অভিবাসন কর্তৃপক্ষের পক্ষে সাধারণত বাংলাদেশে পাসপোর্ট বাতিলের তথ্য জানার সুযোগ থাকে না। তবে বাতিল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গেলে তারা বাধার মুখে পড়তে পারেন।

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকারকে ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

অন্যদিকে শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন নিয়ে নির্বাচন কমিশন কিংবা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কোনো কর্মকর্তা প্রকাশ্যে বক্তব্য দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিষয়টি নিয়ে সোমবার দিনভর কমিশনে আলোচনা হয়েছে। সরকার যে ধরনের সিদ্ধান্ত দেবে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনসংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়নি; শুধু নম্বরটি স্থগিত বা ‘লক’ করা হয়েছে। অর্থাৎ পরিচয়পত্রটি বর্তমানে সক্রিয় নেই। স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়ে লক খুলে দিলেই সেটি আবার সক্রিয় হবে।

জাতীয় পরিচয়পত্র আইন, ২০১০-এর ১০ ধারায় বলা হয়েছে, কোনো নাগরিকের নাগরিকত্বের অবসান হলে তার জাতীয় পরিচয়পত্র বাতিল বলে গণ্য হবে। ওই পরিচয়পত্রে থাকা পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের পরিচয়পত্রে ব্যবহার করা যাবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

আরও পড়ুন

শাহে আলমের ব্যাখ্যা ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

আলোচনায় হাসিনার পাসপোর্ট, যা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম