উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স, আবেদন যেভাবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষ মিষ্টান্ন কারিগর ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৫০ হাজার টাকা মূল্যের এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া যাবে মাত্র ২ হাজার টাকায়। প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত উদ্যোক্তা-সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিষ্টি ও মিষ্টান্ন বাংলাদেশের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিয়ে, সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফল, চাকরি পাওয়া কিংবা নতুন আত্মীয়ের বাড়িতে যাওয়ার মতো নানা আনন্দের উপলক্ষে মিষ্টির প্রয়োজন হয়। ফলে দেশে মিষ্টির বিশাল বাজার থাকলেও চাহিদার তুলনায় দক্ষ কারিগর ও উদ্যোক্তার ঘাটতি রয়েছে।
এই ঘাটতি পূরণ এবং মিষ্টান্ন শিল্পে দক্ষতা বাড়িয়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই প্রশিক্ষণ কার্যক্রমটি চালু করা হয়েছে।
প্রশিক্ষণে যা থাকছে
প্রশিক্ষণার্থীদের জন্য বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল, ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ শেখানো হবে। এর সঙ্গে থাকবে মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।
আবেদনের যোগ্যতা
- মিষ্টির দোকানে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারীকে দরিদ্র, পরিশ্রমী এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতাসম্পন্ন হতে হবে।
- বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- এ প্রশিক্ষণে শুধু পুরুষেরা আবেদন করতে পারবেন।
যেসব সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা
যেসব প্রশিক্ষণার্থীর ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল, তাদের কোর্স চলাকালে প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত ব্যক্তিদের নিজস্ব ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন সহায়তা দেওয়া হবে। এ অর্থ নতুন ব্যবসা প্রতিষ্ঠা ও তা এগিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা যাবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের প্রথমে এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর হাতে লিখে ফরম পূরণ করে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৬।
প্রধান কার্যালয়ের ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।
গুগল ম্যাপে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অবস্থান
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিগগিরই মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির এ প্রশিক্ষণ কার্যক্রম আরও বড় পরিসরে সবার জন্য উন্মুক্ত করা হবে। তখন প্রবাসফেরত ব্যক্তি, সচ্ছল-অসচ্ছল, নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা হতে আগ্রহী তরুণ এবং মিষ্টান্ন শিল্পে কাজ করতে আগ্রহী নতুন শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
