স্মরণসভায় আলোচকরা
জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভাষাসংগ্রামী ও বহুমাত্রিক লেখক আহমদ রফিক ভাষা আন্দোলন ও একুশের ইতিহাসচর্চার পাশাপাশি রবীন্দ্র গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাহিত্য ও চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কবির দুর্বোধ্য কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনেছেন।
সমাজের নানা হতাশা ও সংঘাত থেকে উত্তরণে তার মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত থাকা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।
ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, সংগীত ও কবিতা পাঠের আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।
ড. সৈয়দ আজিজুল হক বলেন, আহমদ রফিক কেবল একুশকে নিয়ে বই লিখেই থেমে থাকেননি, রবীন্দ্রচর্চাই ছিল তার প্রধান বিষয়। সাহিত্য বা চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কঠিন কবির কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনে আলোচনা করেছেন। তিনি বলেন, পাশ্চাত্য বা আমেরিকার সমৃদ্ধির পেছনেও জ্ঞানচর্চার বড় ভূমিকা রয়েছে।
আহমদ রফিকের রবীন্দ্র গবেষণার প্রসঙ্গে তিনি বলেন, শিলাইদহ ও শাহজাদপুরের তুলনায় পতিসর নিয়ে আলোচনা কম হলেও রবীন্দ্রনাথের জমিদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পতিসর। এ বিষয়টি সামনে আনার ক্ষেত্রে আহমদ রফিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখা ‘রবীন্দ্রভুবনে পতিসর’ বইটি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।
অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন আহমদ রফিকেরই অঞ্চলের একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা ছিল আহমদ রফিকের। তবে সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেছে।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু।
লিখিত বক্তব্যে বলা হয়, আহমদ রফিকের বিশাল রচনাসম্ভার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। তার রচনাবলি, সাহিত্যকর্ম, স্মারক ও সম্মাননা-সংক্রান্ত নথি জাতীয় স্বার্থে সংরক্ষণে ফাউন্ডেশন দায়বদ্ধ।
আহমদ রফিকের ভাগনে ড. হুমায়ুন কবির স্মৃতিচারণা করে বলেন, ১৯৫২ সালে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় আহমদ রফিক তাকে কবিতা, ছড়া, সোভিয়েত রাশিয়া ও লেনিন সম্পর্কে পড়াতেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বিষয়ে উৎসাহ দেন এবং পড়াশোনায় সহযোগিতা করেন।
রাজনৈতিক কারণে চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করতে না পারলেও সাহিত্য ও জ্ঞানচর্চায় অসামান্য অবদান রাখেন আহমদ রফিক। অর্থ কিংবা বড় পদ-পদবির প্রতি তার আকর্ষণ ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগও প্রত্যাখ্যান করে দেশে থেকে গেছেন। জীবনের শেষ পর্যায়েও দেশের ও বাংলা ভাষার কল্যাণ নিয়ে ভাবতেন তিনি।
দীপা দত্ত বলেন, আহমদ রফিক বাংলা ভাষাকে চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে সক্রিয় ছিলেন। তিনি জানান, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী ইশরাত রহমান নাদিয়া।
