বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রী কে কত পাবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
বাবার মৃত্যুর পর অনেক পরিবারে জটিলতা দেখা দেয়। বিশেষ করে ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি ভাগ-বণ্টন কত হবে, স্ত্রী কতটুকু পাবেন, মৃত ব্যক্তির মা-বাবা, ভাই-বোন জীবিত থাকলে তাদের অংশ কেমন হবে বা কোনো সন্তান বাবার আগে মারা গেলে তার সন্তানরা সম্পত্তি পাবে কি না, এ নিয়েও প্রশ্ন তৈরি হয়।
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের নিয়ম ধর্ম অনুযায়ী আলাদা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের আইন ও পদ্ধতি ভিন্ন। মুসলিম পরিবারের ক্ষেত্রে সম্পত্তি বণ্টন করা হয় মূলত ফারায়েজ বা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী। তবে সম্পত্তি বণ্টনের সময় উত্তরাধিকারীদের সম্পর্ক, মৃত ব্যক্তির জীবিত স্বজনের সংখ্যা এবং সম্পত্তির ওপর কোনো ধরনের ঋণ রয়েছে কি না, এর ওপর নির্ভর করে সম্পত্তির অংশ কে কতটুকু পাবেন। তাহলে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবা মারা গেলে কারা কতটুকু জমি বা সম্পত্তি পাবেন এবং এর হিসাব কেমন হবে, তা জেনে নেয়া যাক-
সম্পত্তি বণ্টনের আগে করণীয়:
কোনো ব্যক্তির মৃত্যু হলেই তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সরাসরি ভাগ করা যায় না। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে প্রয়োজনীয় কিছু ব্যয় ও দায় পরিশোধ করতে হয়। পরে বাকি সম্পত্তি বণ্টন করা হয়।
এ ক্ষেত্রে সাধারণ কিছু বিষয় বিবেচনায় রাখা প্রয়োজান। যেমন-
- মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজনীয় ও যুক্তিসংগত খরচ পরিশোধ করা,
- জীবদ্দশায় নেয়া কোনো ঋণ বা ধারদেনা পরিশোধ করা এবং
- স্ত্রীর দেনমোহর বাকি থাকলে তা পরিশোধ করা। মনে রাখতে হবে, দেনমোহর স্ত্রীর পাওনা এবং এটি মৃত ব্যক্তির সম্পত্তির ওপর একটি দায়।
এছাড়া মৃত ব্যক্তি যদি বেঁচে থাকা অবস্থায় বৈধ অসিয়ত বা উইল করে থাকেন, তাহলে প্রযোজ্য আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে। মুসলিম উত্তরাধিকার আইনে, সাধারণভাবে উত্তরাধিকারী নন এমন ব্যক্তির অনুকূলে ঋণ বা অন্যান্য দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করা যায়। তবে কোনো উত্তরাধিকারীর অনুকূলে অসিয়ত বা এক-তৃতীয়াংশের বেশি যদি অসিয়ত করা হয়, তাহলে অন্য উত্তরাধিকারীদের সম্মতির প্রশ্ন আসে। আর এসব দায় ও সম্পত্তি পরিশোধের পর যে সম্পত্তি থাকবে, তা-ই উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য সম্পত্তি বলে গণ্য হবে।
বাবার মৃত্যুর পর তার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন:
- মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ভর করে মৃত ব্যক্তির সন্তান বা ছেলের বংশধর জীবিত কি না, এর ওপর।
- স্বামীর কোনো সন্তান বা ছেলের বংশধর না থাকলে স্ত্রী পাবেন মোট বণ্টনযোগ্য সম্পত্তির ১/৪ অংশ,
- স্বামীর সন্তান বা ছেলের বংশধর থাকলে স্ত্রী পাবেন ১/৮ অংশ এবং
- একাধিক স্ত্রী থাকলে তাদের সবাই মিলে নির্ধারিত অংশটুকু সমানভাবে ভাগ করে নেবেন।
- অর্থাৎ―মৃত ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে তাহলেও সন্তান থাকলে প্রত্যেক স্ত্রী আলাদাভাবে ১/৮ অংশ পাবেন না। এ ক্ষেত্রে তাদের সম্মিলিত প্রাপ্য হবে ১/৮ অংশ।
ছেলে ও মেয়ে কতটুকু করে জমি পাবেন:
মুসলিম আইন অনুযায়ী, বাবার মৃত্যুর পর তার ছেলে ও মেয়ে উভয়েই সম্পত্তির উত্তরাধিকার লাভ করেন। ছেলে ও মেয়ে একসঙ্গে উত্তরাধিকারী হলে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ অংশ। অর্থাৎ, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি বণ্টনের হার হবে ২:১।
আরও সহজ করে বললে, কোনো ব্যক্তি যদি এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যায় এবং স্ত্রী, মা-বাবা বা অন্য কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে সম্পত্তি তিন ভাগ হবে। এর মধ্যে ছেলে পাবে দুই ভাগ এবং মেয়ে পাবে এক ভাগ। একইভাবে দুই ছেলে ও এক মেয়ে থাকলে সম্পত্তি পাঁচ ভাগ হবে। দুই ভাগ করে দুই ছেলে নেবে এবং মেয়ে পাবে এক ভাগ।
উৎস বন্ধের পরামর্শ
মনে রাখা প্রয়োজন, মেয়ে বিবাহিত হলেও বাবার সম্পত্তিতে তার উত্তরাধিকারী হওয়ার অধিকার রয়েছে। বিয়ে হয়েছে বা স্বামীর বাড়িতে থাকলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ থাকে না।
মা-বাবা জীবিত থাকলে তারা কীভাবে সম্পত্তি পাবেন:
বাবার মৃত্যুর সময় যদি তার নিজের মা-বাবা জীবিত থাকে, তাহলে তারাও সম্পত্তির উত্তরাধিকারী হবেন। মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে সাধারণ নিয়মেই তার মা-বাবা প্রত্যেকে ১/৬ শতাংশ করে পাবেন। অর্থাৎ- মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, বাবা ও মা―সবাই জীবিত থাকলে সবার অংশ হিসাব করতে হবে। তবে সন্তান না থাকলে বা ভাই-বোনের সংখ্যা বেশি হলে মায়ের অংশের হিসাব পরিবর্তিত হতে পারে। ঠিক একইভাবে মৃত ব্যক্তির বাবা যদি জীবিত থাকে, তাহলে তার দাদা উত্তরাধিকার থেকে বাদ পড়েন।
শুধু মেয়ে থাকলে কীভাবে ভাগ হবে:
অনেকেই মনে করেন, মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকলে তার সম্পত্তি পুরোটা মেয়েরা পাবেন। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন এমন নয়। শুধু মেয়ে থাকলে তাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। অবশিষ্ট সম্পত্তি অন্য যোগ্য উত্তরাধিকারীরা পেতে পারেন। এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেগুলো হলো-
- একজন মেয়ে এবং কোনো ছেলে না থাকলে মেয়ে পাবেন মোট সম্পত্তির ১/২ অংশ,
- দুই বা তার বেশি মেয়ে এবং কোনো ছেলে না থাকলে তারা সম্মিলিতভাবে পাবেন ২/৩ অংশ।
- একাধিক মেয়ে থাকলে এই অংশ তাদের মধ্যে সমানভাবে বণ্টন হবে। আর বাকি অংশ মৃত ব্যক্তির বাবা, ভাই বা অন্য কোনো যোগ্য উত্তরাধিকারীরা প্রযোজ্য নিয়মে পেতে পারেন। তবে কারা জীবিত আছেন, এর ওপর চূড়ান্ত হিসাব নির্ভর করবে।
বাবার আগে ছেলে-মেয়ে মারা গেলে করণীয় কী:
অনেক পরিবারে দেখা যায়, দাদা মারা যাওয়ার আগেই তার কোনো ছেলে বা মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলে বা মেয়ের সন্তানরা দাদা/নানার সম্পত্তির অংশ পাবে কি না, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় এ ব্যাপারে বিধান রয়েছে। তাতে বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার কার্যকর হওয়ার আগে যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে মারা যায় এবং তার সন্তানরা জীবিত থাকে, তাহলে ওই সন্তানরা তাদের বাবা বা মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, সমপরিমাণ অংশ পাবেন। আর তারা সেই অংশ সম্মিলিতভাবে ভাগ করে নেবেন নিজেদের মধ্যে।
জমির পরিমাণ ধরে হিসাবের নিয়ম:
উত্তরাধিকার সম্পত্তির হিসাব বুঝানোর জন্য কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। প্রতিটি হিসাবের ক্ষেত্রে ধরে নেয়া হয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি তার একক মালিকানাধীন এবং ঋণ, দেনমোহর ও অন্যান্য দায় পরিশোধের পর উল্লেখিত জমি বণ্টনযোগ্য রয়েছে।
- উদাহরণ ১: স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকলে-
- ধরা যাক, একজন ব্যক্তি ৩০ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে জীবিত। অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে-
- স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৩.৭৫ শতাংশ জমি।
- অবশিষ্ট ২৬.২৫ শতাংশ জমি ছেলে ও মেয়ের মধ্যে ২:১ অনুপাতে ভাগ হবে।
- ছেলে পাবেন ১৭.৫০ শতাংশ জমি।
- মেয়ে পাবেন ৮.৭৫ শতাংশ জমি।
- উদাহরণ ২: স্ত্রী, বাবা, মা, এক ছেলে ও এক মেয়ে থাকলে-
- ধরা যাক, মৃত ব্যক্তির জমি রয়েছে ৬০ শতাংশ। মৃত্যুর সময় তার স্ত্রী, বাবা, মা, এক ছেলে ও এক মেয়ে জীবিত। এ ক্ষেত্রে-
- স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৭.৫ শতাংশ।
- বাবা পাবেন ১/৬ অংশ বা ১০ শতাংশ।
- মা পাবেন ১/৬ অংশ বা ১০ শতাংশ।
- বাকি ৩২.৫ শতাংশ জমি ছেলে ও মেয়ের মধ্যে ২:১ অনুপাতে ভাগ হবে।
- ছেলে পাবেন প্রায় ২১.৬৭ শতাংশ।
- মেয়ে পাবেন প্রায় ১০.৮৩ শতাংশ।
উদাহরণ ৩: শুধু দুই মেয়ে ও স্ত্রী থাকলে-
ধরা যাক, একজন ব্যক্তি ২৪ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী ও দুই মেয়ে জীবিত আছেন। তার বাবা-মা বা অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে-
- স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৩ শতাংশ।
- দুই মেয়ে সম্মিলিতভাবে পাবেন ২/৩ অংশ বা ১৬ শতাংশ।
- প্রত্যেক মেয়ে পাবেন ৮ শতাংশ করে।
- বাকি ৫ শতাংশ জমি অন্য যোগ্য উত্তরাধিকারী যদি না থাকে, তাহলে প্রযোজ্য ফারায়েজের নিয়ম অনুযায়ী বণ্টন করা হবে। এ ক্ষেত্রে শুধু তিনজনের অংশ হিসাব করে সম্পত্তির পুরো অংশ ভাগ হয়ে গেছে ধরে নেয়া যাবে না।
হিন্দু ও খ্রিস্টান পরিবারে সম্পত্তি বণ্টনের নিয়ম কি একই:
বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নিজ নিজ ধর্ম অনুযায়ী আইন প্রযোজ্য হয়। এ কারণে মুসলিম উত্তরাধিকার আইনের ১/৮, ১/৬ বা ছেলে-মেয়ের ২:১ অনুপাতের নিয়ম অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রচলিত দায়ভাগ আইন এবং খ্রিস্টানদের ক্ষেত্রে নির্ধারিত উত্তরাধিকার আইন প্রযোজ্য হবে।
