Logo
Logo
×

Advertisement

জাতীয়

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

Advertisement

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপের কর্মসূচি উদ্বোধন করবেন। 

এ কার্যক্রমের আওতায় খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক অন্তর্ভুক্ত থাকবেন। এতে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকার কৃষি উপকরণ সহায়তা বাবদ অর্থ প্রদান করা হবে।

পরবর্তী সময়ে ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

এ পর্যায়ে রংপুর বিভাগের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় এক লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকার কৃষি উপকরণ সহায়তা বাবদ অর্থ প্রদান করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড কর্মসূচির আওতায় চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকের জন্য পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশব্যাপী চলমান ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আওতায় আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দেশের ৬৪ জেলায়, ৫০৩ উপজেলায়, ১৬ মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০ কৃষি ব্লকে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। 

এ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদানসহ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ৩৯ লাখ কৃষককে প্রায় ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে দেশব্যাপী কৃষক তথ্য সংগ্রহের জন্য সব উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।

কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদিত হয়েছে এবং প্রায় ১৬ লাখ ৫৬২ হাজার কৃষকদের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

এর আগে, ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১ কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। 

এরপর ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭ উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা বাবদ অর্থ প্রদান করা হয়।

এ পর্যায়ে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষককে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের এক হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক (বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক) সংযুক্ত রয়েছে।

উল্লেখ্য, কার্ড মুদ্রণ পরবর্তীতে সব কৃষককে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। তবে, এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত সব কৃষক কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের শাখা থেকে নগদ অর্থ উত্তোলন করে ওই অর্থ দিয়ে শুধুমাত্র কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে, কৃষি উপকরণ ক্রয় পরবর্তীতে তার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করে তা সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিব্ধ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষক প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসসমূহকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, ন্যায্যমূল্যে সেচ সেবা প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা সেবা প্রদান, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত সেবা প্রদান, মোবাইলে আবহাওয়া ও বাজারের তথ্য প্রদান, কৃষি বিমা সুবিধা প্রদান ও ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধা দেওয়া হবে।

কৃষক কার্ডের আওতায় তথ্য সংগ্রহের সময়ে প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলাসহ কার্ড মুদ্রণ ও বিতরণের পাশাপাশি অন্যান্য সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধির কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ভুল তথ্য দিয়ে কেউ যেন এ কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত কোনো কৃষক যেন বঞ্চিত না হন- তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষক কার্ড বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। সরকার গঠনের পরপরই কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হয়। সে মোতাবেক কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্ত করা, সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছানো এবং কৃষিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা, মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ। এর মাধ্যমে দেশের কৃষি প্রবেশ করবে আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায়।

তিনি বলেন, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়; এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় উন্নীত করবে। এটি কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে এই খাতকে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণ করে চাহিদামাফিক উৎপাদন ব্যবস্থা চালু করতে সরকার কৃষক কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। পণ্যের ন্যয্যমূল্য নিশ্চিতকরণসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা কৃষক এই কার্ডের মাধমে পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৪৭ শতাংশ মেয়ের বাল্যবিবাহ, প্রতিরোধে জন্ম নিবন্ধন জরুরি

৪৭ শতাংশ মেয়ের বাল্যবিবাহ, প্রতিরোধে জন্ম নিবন্ধন জরুরি

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম