অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন যে বাংলাদেশ অর্থনৈতিক নিরাপত্তা এবং কৌশলগত সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বার্লিনে অনুষ্ঠিত ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় কৌশলগত অংশীদারিত্ব’ (Strategic Partnership in a Changing Global Order) শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, একটি অভিন্ন ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনের মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বাংলাদেশ বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেয়।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ জার্মানিসহ তার দীর্ঘদিনের বিশ্বস্ত বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করে যাচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়, মানব ও সামাজিক উন্নয়ন এবং নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন যে, বৈশ্বিক দক্ষিণ-উত্তর (গ্লোবাল সাউথ-নর্থ) সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পারস্পরিকভাবে লাভজনক এবং একে অপরের পরিপূরক।
তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার জনগণের স্বার্থকে কেন্দ্রবিন্দুতে রেখে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে ‘বাংলাদেশ প্রথম’ (Bangladesh First) নীতি বাস্তবায়ন করছে।
তিনি আরও উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশ থেকে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সজাগ রয়েছে এবং গণতন্ত্র, বহুপাক্ষিকতাবাদ, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন যে, বাংলাদেশে আশ্রিত ১২ লক্ষাধিক রোহিঙ্গার আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই প্রত্যাবাসনসহ বৈশ্বিক মানবিক সংকটের বিষয়ে বাংলাদেশ সর্বদা সোচ্চার রয়েছে।
উক্ত গোলটেবিল আলোচনায় থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক এনজিও (INGO), পেশাজীবী, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা একত্রিত হন এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থের অভ্যন্তরীণ ও পারস্পরিক আন্তর্জাতিক অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

