বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শাহাব উদ্দিন
Advertisement
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে বনের জায়গা অপ্রতুল। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশে ২৫ ভাগ বন করতে হবে। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের আরও অনেক কষ্ট করতে হবে। বর্তমান অবস্থানে যেটা আছে, সেটা ২৫ ভাগে নিতে হলে আমাদের বনভূমির জায়গাটাকে প্রথমে উদ্ধার করতে হবে।
তিনি বলেন, যারা বনের জায়গা দখল করে রেখেছেন, সেই জায়গা পুনর্দখল করে আবার গাছ লাগাতে হবে। বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেন ভবিষ্যতে আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পান। তাই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের বন বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শনিবার নওগাঁর ধামইরহাট জাতীয় উদ্যান আলতাদীঘি শালবন পরিদর্শন শেষে বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, ধামইরহাট পৌর মেয়র আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, ধামইরহাট ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, আগ্রাদ্বিগুণ ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রমুখ।
