মারা গেছেন বৈশাখী টিভির সাংবাদিক
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৩ মার্চ ২০১৮, ০৮:২৪ পিএম
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল।ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মারা গেছেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল আহমেদ (২৯)। নেপালে ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানেই মারা যান ফয়সাল বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
কর্তৃপক্ষ এ সময় বলেন, নিহত ওই ২৬ জনের মধ্যেই রয়েছে সাংবাদিক ফয়সাল আহমেদ।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন ফয়সাল আহমেদ।
এরআগে তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী।
অশোক চৌধুরী জানান, সোমবার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন ফয়সাল আহমেদ। তবে তিনি অফিসকে এই সফরের বিষয়ে কিছু জানাননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন।
ফয়সাল আহমেদ বৈশাখীর হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন। ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।
বৈশাখী টিভির অ্যাসাইন্টমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজ বলেন, ফয়সাল ওই ফ্লাইটে ছিল। তবে সে নিহত নাকি হাসপাতালে আহত তা জানা যাচ্ছে না।
মিঠুন বলেন, বিধ্বস্ত ফ্লাইটের যাত্রী তালিকায় থাকা পাসপোর্ট নম্বরের সঙ্গে ফয়সালের পাসপোর্ট নম্বর মিলে যায়। তার মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ।
