|
ফলো করুন |
|
|---|---|
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে এবার নিজ দলের প্রার্থীরা (স্বতন্ত্র) গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। দলের মনোনয়নবঞ্চিত এসব প্রার্থীর সঙ্গে একাধিকবারের নির্বাচিত সংসদ-সদস্যরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন। নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে সমর্থন করা নিয়ে পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে নেমেছেন। এদিকে, নির্বাচন ঘিরে চায়ের দোকান, হাট-বাজার, রাস্তাঘাটে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাঘা (রাজশাহী) : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে তিনবারের নির্বাচিত সংসদ-সদস্য (এমপি) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে সাবেক এমপি চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান লড়ছেন। এ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঁচি প্রতীক নিয়ে মাঠে নেমেছেন রায়হান। এ দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।
শাহরিয়ার আলমের পক্ষে অধিকাংশ নেতা কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন-বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১৩টি ইউনিয়ন এবং তিনটি পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সৈনিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকসহ কমিটির সদস্যরা। এছাড়া আড়ানী ও চারঘাট পৌর মেয়র মুক্তার আলী ও একরামুল হক রয়েছেন।
অপরদিকে রায়হানের সঙ্গে রয়েছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।
বাগেরহাট : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে তিনবারের সংসদ-সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এবার দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সহধর্মিণী হাবিবুন নাহার। স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশ তালুকদার পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। অনেকের ধারণা-বিএনপি-জামায়াতের কারণে তালুকদার পরিবারের হাতছাড়া হতে পারে আসনটি।
পাইকগাছা (খুলনা) : খুলনার-৬ (কয়রা-পাইকগাছা) আসনে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। নৌকার প্রার্থী রশীদুজ্জামান কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে দলীয় মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম স্বতন্ত্র প্রার্থী (ঈগল) চমক সৃষ্টি করেছেন। কয়রার ভোটাররা এখনো এমপি পায়নি। এ কারণে কয়রাবাসী ঈগল প্রতীকের প্রার্থীকে জয়ী করতে মরিয়া উঠেছে।
শেরপুর : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় নৌকার প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়েছেন। পাঁচবারের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক (নৌকা) এবং দলীয় মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছনোয়ার হোসেন ছানুর (ট্রাক) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন। হুইপ আতিকের বিরুদ্ধে ছানুর হয়ে স্থানীয় আওয়ামী লীগের তিন জনপ্রতিনিধি ভোটযুদ্ধে নেমেছেন। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ভেড়ামারা (কুষ্টিয়া) : নৌকার প্রার্থী হাসানুল হক ইনুর সামনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরেফিন ট্রাক প্রতীক নিয়ে প্রচারে ছুটছেন। ভেড়ামারা ও মিরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা আরেফিনের সঙ্গে একাট্টা হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
আগের নির্বাচনে ইনুর প্রধান হাতিয়ার ছিলেন কামারুল আরেফিন। মিরপুরে আরেফিনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। উপজেলা চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় মেয়াদে তিনি শাসন করেছেন মিরপুর উপজেলা। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে প্রার্থী দিয়ে ইনু বিরোধে জড়িয়েছেন। এছাড়া নানা কারণে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব রয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরে ইনু বিরোধী বলয় তৈরি হয়েছে।
দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নৌকার প্রার্থী দুইবারের সংসদ-সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে (ঈগল প্রতীক) নির্বাচনে অংশ নিচ্ছেন। এতে এ আসনে ভোটের হিসাব-নিকাশ বদলে যেতে পারে।
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল, বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও ঢাকা তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদের (ট্রাক) ত্রিমুখী লড়াই হবে। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণা উত্তেজনার রূপ নিয়েছে। এতে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।
