মানিকগঞ্জে বাবার আসন পুনরুদ্ধার করলেন রিতা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম
মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতা।
|
ফলো করুন |
|
|---|---|
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিজয়ের মালা গলায় তুলেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতা। ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫০টিতেই জয় পেয়ে তিনি আসনটি পুনরুদ্ধার করেছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, রিতা পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ নুর (রিকশা প্রতীক) পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২৫৯।
এ বিজয়ের মধ্য দিয়ে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করলেন রিতা। তার প্রয়াত বাবা, সাবেক মন্ত্রী ও একই আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ খান মুন্নু ২০০১ সালের নির্বাচনে ১ লাখ ৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। দেশের সিরামিক শিল্পে অবদানের জন্য তিনি দেশ-বিদেশে সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন পর সেই আসনেই মেয়ের রেকর্ডসংখ্যক ভোটে জয়কে দলীয় নেতাকর্মীরা ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিতা বলেন, ‘এ বিজয় মানিকগঞ্জ-৩ আসনের মানুষের।’ এ সময় তিনি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
