Logo
Logo
×
   

রাজনীতি

জামায়াতের বিক্ষোভ-বিভিন্ন সংগঠনের বিবৃতি

‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

বায়তুল মোকাররম উত্তর গেইটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা কুরআন সুন্নাহবিরোধী আইন করবে না, মদিনার সনদে দেশ পরিচালনা করবে। তবে ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন সুন্নাহবিরোধী আইন পাস করেছে। 

সংসদে সেই আইনের প্রতিবাদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ থেকে ওয়াক-আউট করেছেন। 

জাতীয় সংসদে ‘কুরআন সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন’ পাসের প্রতিবাদে সোমবার বিকালে বায়তুল মোকাররম উত্তর গেইটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কুরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। এই আইন পাস করে সরকার যেই দুঃসাহস দেখিয়েছে এর করুণ পরিণাম তাদের ভোগ করতে হবে। 

ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নাই যার কারণে আপনি সংসদে দাঁড়িয়ে ইসলামী বিধানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। 

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সংসদে শুধু কুরআন সুন্নাহবিরোধী দুটি আইন পাস করেনি। মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন দুটিও গণবিরোধী আইন। 

তিনি আরও বলেন, এই সরকার ইসলামবিরোধী সরকার এবং গণবিরোধী সরকার। সরকারের যদি ফ্যাসিবাদ হওয়ার খায়েশ না থাকে তবে দ্রুত এসব আইন বাতিল করতে হবে। 

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি প্রমুখ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। এ সময় দলটির কেন্দ্রীয় ও মহানগরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন পাস হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক। 

তারা এই আইনকে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে তা আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম