Logo
Logo
×
   

রাজনীতি

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাকে ঠেকাতে কাউকে আলাদা করে কিছু করতে হবে না। জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা বিমানবন্দরে গিয়ে দাঁড়ালেই যথেষ্ট।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করার কথা বলা হচ্ছে। এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। পরবর্তীতে তারা বুঝতে পেরেছে, এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অর্থ কোথা থেকে আসবে, সেটিও বড় প্রশ্ন। অথচ নির্বাচনের আগে তারা মানুষকে লোভনীয় অফার দিয়ে প্রলুব্ধ করেছে।

এনসিপির কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা লংমার্চ শুরু করেছি ঢাকা থেকে চট্টগ্রাম। তারা এটাকে বলছে লংড্রাইভ। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু এভাবেই লংমার্চ করেছিলেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে আপনারা কবে তরুণ বা যুবক হবেন? বিএনপি সরকারে আসার পর এত সংকট তৈরি হয়েছে- এতটা সংকট আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখিনি। অথচ সরকার পরিচালনার জন্য তাদের কোনো ব্যাকআপ বা প্রস্তুতি ছিল না।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, আলোচিত মহিউদ্দিন রনি এবং ঝালকাঠি জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হাওলাদারসহ নেতাকর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম