Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন’

গাজী নজরুল ইসলাম। সংগৃহীত ছবি

Advertisement

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আর জামায়াতের কেউ নন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, গাজী নজরুল জামায়াতের কেউ নন, তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, এটি তো ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তাছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ নন। ব্যক্তিগত অপরাধ বা ঘটনা তদন্তের দায় তো সরকারের। এখানে জামায়াতের কোনো বক্তব্য নেই।

জানা যায়, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

ভিডিও ছড়ানোর ঘটনার পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তবে কদিন আগে গাজী নজরুল গণমাধ্যমকে বলেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ আমার আল্লাহর রহমতে এখনো আছে। আমি জামায়াতের সদস্য হিসেবেই তো এখনো আছি খাতা কলমে সব জায়গায়। এটা আমার যতদূর জানা। আর জামায়াত কি বলছে না বলছে এটা আমার জানা নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম