‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, মনে হচ্ছে ৯৬ এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে। জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে!
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ লেখেন, আমি গতকাল বলেছিলাম, ২টা বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। আজকে নিশ্চয়ই দেখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মাটিতে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করছে ও বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
রাশেদ বলেন, যতটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের আবিষ্কার করার জন্য আ.লীগের পথ ধরে হাঁটছে। অর্থাৎ নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ বিদেশের অনেকে জামায়াতকে কার্যকর বিরোধীদল হিসেবে মেনে নিতে পারেনি। আর এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধীদল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধীদলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধীদল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবিলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।
পোস্টের শেষে রাশেদ বলেন, অথচ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবেই মোকাবিলা করা দরকার ছিলো। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে! মনে হচ্ছে ৯৬ এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে..... জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে!

