দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জমিয়তের উদ্বেগ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা।
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দেশে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগের আগ্রহ কমে যেতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুরের জামেয়া হোসাইনিয়া আরজাবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন।
দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতারা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ মাসে দেশে নথিভুক্ত মামলার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি। এর বাইরে মামলা হয়নি, এমন অপরাধের ঘটনাও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এ অবস্থা অব্যাহত থাকলে জননিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব পড়বে।
জমিয়তের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

